ফরিদপুরে সাংবাদিক পরিচয় দিয়ে সরকারী অফিসে চাঁদাদাবির অভিযোগে জনি বিশ্বাস নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ফরিদপুর কার্যালয় থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
জনি বিশ্বাস ফরিদপুর শহরতলীর বিলনালিয়া গ্রামের দিনমুজুর কাদের বিশ্বাসের ছেলে এবং ফরিদপুরের বিভিন্ন প্রতারণাসহ একাধিক মামলায় আটকপ্রাপ্ত চিহ্নিত আসামি শেখ ফয়েজ আহমেদ সম্পাদিত সাপ্তাহিক বাংলা সংবাদ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়েছেন।
বিআরটিএ ফরিদপুর কার্যালয়ের মোটরযান পরিদর্শক মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে জনি বিশ্বাস আমার অফিস কক্ষে ঢুকে নিজেকে সাপ্তাহিক বাংলা সংবাদ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বলেন যে,
আপনি দুর্নীতি করে অনেক টাকা কামিয়েছেন। আপনাকে নিয়ে লেখালেখি হচ্ছে। আমাকে ২০ হাজার টাকা দেন। তাহলে আমি আপনার বিরুদ্ধে লেখালেখি করব না। মেহেদী হাসান বলেন,
আমার কাছে সরাসরি চাঁদা দাবি করায় আমি বিস্মিত হয়ে সে সাংবাদিক কি না তা তাকে চালেঞ্জ করলে সে উত্তেজিত হয়ে আমার অফিসের টেবিলে থাপ্পর দিয়ে টেবিলের কাঁচ ভেঙ্গে ফেলে। এ সময় সে উচ্চস্বরে চিল্লাপাল্লা করতে থাকে।
শব্দ পেয়ে আমার অফিসের অন্যান্য কর্মীরা এসে তাকে আটক করে। পরে বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে জনি বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়।
বিআরটিএ ফরিদপুর সার্কেল এর সহকারী পরিচালক পলাশ খীসা জানান, অফিসে ঢুকে ভাংচুর ও চাঁদাদাবির অভিযোগে জনি বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অফিসে ভাংচুরের খবর পেয়ে জনি বিশ্বাসকে হেফাজতে নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
স্থানীয়দের অভিযোগ – জনি বিশ্বাস নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, আবার কখনও সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে হয়রাণী করে আসছে।
এছাড়াও গত দুই সপ্তাহ আগেও শহরের টেপাখোলা এলাকায় পান্নুর ইট ভাটায় গিয়ে চাঁদা বাদী করায় সে সময় গণপিটুনি দিয়ে তাকে পুলিশে হাতে সোপর্দ করা হয়।


Leave a Reply