যশোরের বাঘারপাড়ায় টানা দুই দিনের বর্ষণে মাঠের পাকা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কোথাও পাকা ধান পানিতে তলিয়ে গেছে, কোথাও হেলে পড়েছে আধাপাকা ও কাঁচা ধানগাছ। আবার অধিকাংশ মাঠে কেটে শুকানোর জন্য বিছিয়ে রাখা ধান বৃষ্টির পানিতে ডুবে রয়েছে।
কোনো কোনো জমিতে জমে থাকা পানিতে কাটা ধান থেকে নতুন করে চারা গজাতে শুরু করেছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ধানের গুণগত মান ও ফলন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত দুই দিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি মাঠে এমন চিত্র দেখা গেছে।
বিশেষ করে যেসব জমির ধান পেকে যাওয়ায় কৃষকেরা কেটে মাঠে বিছিয়ে রেখেছিলেন, সেসব জমিতে বৃষ্টির পানি জমে থাকায় ধান শুকানো ও ঘরে তোলা অনিশ্চিত হয়ে পড়েছে। কোথাও কাটা ধানের স্তূপ পানিতে ডুবে আছে। দীর্ঘ সময় পানিতে পড়ে থাকায় ধানের অঙ্কুরোদ্গম শুরু হয়েছে। এতে এসব ধান থেকে কাঙ্ক্ষিত মূল্য পাওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মহিরন, জামদিয়া, নারিকেলবাড়িয়া, ইন্দ্রা, ভগেরবিল, মাহমুদপুর, করিমপুর, বোয়ালিয়া, হাবুল্যাহ ও বিল জালেশ্বরসহ বিভিন্ন এলাকার মাঠে বৃষ্টির প্রভাব পড়েছে। কোনো জমিতে পাকা ধান কাটার অপেক্ষায় ছিল, আবার কোনো জমির ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখা হয়েছিল। টানা বৃষ্টিতে দুই অবস্থার ফসলই ক্ষতির মুখে পড়েছে। কৃষকদের ভাষ্য, ধান পাকার পর দ্রুত কেটে ঘরে তোলার প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা।
কিন্তু একটানা বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে। কেটে রাখা ধান পানি থেকে তুলে শুকানো, মাড়াই ও সংরক্ষণ করতে বাড়তি শ্রমিকের প্রয়োজন হচ্ছে। অন্যদিকে পানিতে দীর্ঘ সময় পড়ে থাকা ধানে অঙ্কুর গজানোয় বিক্রির উপযোগিতা ও বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
কৃষকদের মতে, শুধু পাকা ধান নয়, জমিতে থাকা আধাপাকা ও কাঁচা ধান নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। বৃষ্টির পানি দ্রুত নেমে না গেলে এসব জমির ফসলেও বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে মৌসুমের শেষ সময়ে এসে একদিকে ফসল ঘরে তোলার তাড়া, অন্যদিকে বৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কা দুই সংকটে পড়েছেন তাঁরা।
এদিকে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমে বাঘারপাড়ায় ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৫১ জাতের আবাদ হয়েছে সর্বাধিক ৪ হাজার ২৩ হেক্টর জমিতে। এ ছাড়া ব্রি ধান-৪৯ জাতের ১ হাজার ১৭০ হেক্টর, ব্রি ধান-৮৭ জাতের ১ হাজার ২৩০ হেক্টর এবং ব্রি ধান-১০৩ জাতের ৫৭০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
পাশাপাশি ব্রি ধান-৩৪, ব্রি ধান-৭৫, বিনা-৭, বিনা-১৭, স্থানীয় ও হাইব্রিড জাতের ধানও চাষ করেছেন কৃষকেরা।বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কার বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান বলেন, টানা বৃষ্টির কারণে মাঠে সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও এতে আমন ধানের সার্বিক ফলনে বড় ধরনের প্রভাব পড়বে বলে আমরা মনে করছি না। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি দ্রুত নেমে গেলে ধানের ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে আসবে।
পানি না নামলে ক্ষতির আশঙ্কা অনেক। সব মিলিয়ে, আমন মৌসুমের শেষ সময়ে টানা বর্ষণ বাঘারপাড়ার কৃষকদের ফসল ঘরে তোলার স্বাভাবিক ছন্দে বাধা সৃষ্টি করেছে। মাঠে পাকা ধান পানিতে ডুবে থাকা, কেটে রাখা ধানে অঙ্কুর গজানো এবং বাড়তি শ্রম-খরচের বোঝা তাঁদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এখন বৃষ্টি থেমে দ্রুত পানি নেমে যাওয়ার অপেক্ষায় রয়েছেন কৃষকেরা।




Leave a Reply