ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীপ্রতি ৫০০ টাকার ভাড়া ৭০০ টাকা করে নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসানের নেতৃত্বে বোয়ালমারী পৌর সদরের পুরোনো বাসস্ট্যান্ড সংলগ্ন গোল্ডেন লাইনের কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ভাড়া ৫০০ টাকার চেয়ে প্রতি যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক কাউন্টার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গোল্ডেন লাইন কাউন্টারে নিয়মবহির্ভূতভাবে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছিল। বিশেষ করে ঈদের আগে-পরে এবং সাধারণ সময়েও এমন অনিয়ম চলছে বলে অভিযোগ রয়েছে। যাত্রীরা প্রতিবাদ করলেও অনেক সময় বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে টিকিট কাটতে হয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে আজ গোল্ডেন লাইন পরিবহন ফরিদপুর কাউন্টার থেকে সকল রুটে ছেড়ে যাওয়া প্রতি যাত্রীর নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। প্রশাসন এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেন নাই।

Leave a Reply