ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়নকে আলাদা করে ফরিদপুর- ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে টানা ৩ দিনের কর্মসূচির প্রথমদিনে ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ চলছে। রোববার ভোর থেকেই এলাকাবাসী বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি শুরু করে।
সকাল থেকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামেরদী, ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এবং ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী, মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।
অপরদিকে ঢাকা–খুলনা রেলপথে গাছের গুঁড়ি ফেলে ও লাল পতাকা টাঙিয়ে রেল চলাচল বন্ধ করে দেয়। এতে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন হামেরদী এলাকায় আটকা পড়ে। ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার রনি ব্যাপারী জানান, সকাল সাড়ে আটটার দিকে আন্দোলনকারীরা ট্রেনটি অবরোধ করে রাখে। ফলে যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ভাঙ্গা হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভাগীয় ও জেলা সদর থেকে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়াকে ডিবি পুলিশ আটক করার খবর ছড়িয়ে পড়লে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ সড়কে নেমে বিক্ষোভে ফেটে পড়ে।
আন্দোলনকারীরা জানান, নির্বাচন কমিশন তাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত ভাঙ্গাবাসী লাগাতার অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে। এদিকে ভাঙ্গায় চলমান আন্দোলন নিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন,
ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়ন আলগী ও হামিরদীকে ফরিদপুর-২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করায় এলাকাবাসী কয়েক দিন ধরে যে আন্দোলন করছেন সে সব বিষয় নিয়ে কথা বলেন।
তিনি বলেন কয়েকদিন যেভাবে সড়ক,মহাসড়ক, রেলপথ অবরোধ করে যোগাযোগ ব্যবসস্থা বিচ্ছিন্ন করা হচ্ছে তা চলতে পারেনা। আজ রোববার বিকেল ৪ টার মধ্যে অবরোধ তুলে নেওয়া না হলে আইনশৃংখলা বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি অযৌক্তিক আন্দোলন থেকে দূরে থাকতে সবার প্রতি অনুরোধ জানান এবং আইনশৃংখলা সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply