ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার হামিরদী এবং আলগী ইউনিয়নকে আলাদা করে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় জুড়ে দিয়ে নির্বাচন কমিশন প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।
এতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।
এর আগে প্রজ্ঞাপন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। এরপরও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট আবেদন করা হয়েছে বলে সমাজের চিত্রকে জানিয়েছেন আইনজীবী হুমায়ুন কবির।
গত রোববার (৭ সেপ্টেম্বর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম বাবুল, আইনজীবী মাহবুবুরসহ সাতজনের পক্ষ থেকে ই-মেইলে ওই নোটিশ দেওয়া হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করে আইনজীবী হুমায়ুন কবির নোটিশটি প্রদান করেন।
ওই দিন আইনজীবী হুমায়ুন বলেছিলেন, ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলায় ১২টি ইউনিয়ন ছিল। সেখান থেকে আলগী এবং হামিরদী ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।
তাই আইনি নোটিশে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে প্রজ্ঞাপন বাতিল না করলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে।
এদিকে, এ প্রজ্ঞাপন জারির প্রতিবাদে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত ৫ সেপ্টেম্বর থেকে আজ ৯ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ,
হামিরদী, পুকুরিয়া, আলগী ইউনিয়নের সুয়াদী, ঝাটুরদিয়া ও ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করায় চরম বিপাকে পরতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
এবিষয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মিরাজ শিকদার জানান, ভাংগা উপজেলার হামিরদী ও আলগী ইউনিয়ন দুটির জনগণ ভাংগা উপজেলা ছেড়ে তারা নগরকান্দা উপজেলায় যাবেনা এবং নগরকান্দা উপজেলা এই দুটি ইউনিয়নকে তারা নেবেনা। সেজন্য ইউনিয়ন দুটি আগের জায়গায় থাকা উচিৎ বলে আমি মনে করি।

Leave a Reply