বয়স্ক, বিধবা, এতিম ও প্রতিবন্ধী ভাতাসহ সেবা অধিদপ্তরের বিভিন্ন ঋণ কর্মসূচি তহবিল থেকে এক কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সমাজসেবার সাবেক কর্মকর্তা মো. আবুল কালামের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।
মঙ্গলবার দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. ইরমান আকদ বাদী হয়ে মামলা ৩টি করেন বলে জানান একই কার্যালয়ের আরেক উপ-সহকারী পরিচালক মো. কামরুল হাসান।
অভিযুক্ত মো. আবুল কালাম আজাদ বর্তমানে কক্সবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি ২০০৮ সালের ১০ জুন থেকে ২০২৩ সালের ১২ জুলাই পর্যন্ত নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দুদক জানিয়েছে, প্রথম মামলাটি করা হয়, ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ঋণ কর্মসূচি তহবিল থেকে ৩৬ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা উত্তোলন করে বিতরণ না করে আত্মসাৎ করার অভিযোগে।
দ্বিতীয় মামলাটি করা হয়, নগরকান্দা উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার জন্য ২০২০-২০২১ অর্থ বছরে বিতরণ না করা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ৫৮ লাখ ৮৭ হাজার ৭৫০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাতের অভিযোগে।
তৃতীয় মামলাটি ২০২২-২০২৩ অর্থ বছরে এতিমদের জন্য বরাদ্দের দ্বিতীয় কিস্তির (জানুয়ারি থেকে জুন-২০২৩) ১২ লাখ ৫০ হাজার টাকা ২০২৩ সালের ৩০ মার্চে উত্তোলন করে আত্মসাতের অভিযোগে করা হয়।
দুদকের মামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করে আবুল কালাম আজাদ বলেন, আমি জানতে চাই দুদক এসব অভিযোগ কৈ পাইলো। আগে এ ব্যাপারে বিভাগীয় অভিযোগ উঠেছিল। পরে এর দায় থেকে আমি মুক্তি পেয়েছি।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আজাদ বলেন, কাজের ক্ষেত্রে কিছু নয়-ছয় হয়েছে তবে এতিমের টাকা এতিম, প্রতিবন্ধীর টাকা প্রতিবন্ধীই পেয়েছে। এটা ইউএনও, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ দায়িত্বশীল সব কর্মকর্তাদের সম্মতিতে এবং সম্মিলিত সিদ্ধান্তে করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক কামরুল হাসান বলেন, দুদক কার্যালয়ে করা মামলা তিনটি ফরিদপুরের বিশেষ জেলা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।
আবুল কালাম আজাদ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ১০ হাজার গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মাদারীপুরের শিবচর উপজেলার পচ্চর ইউনিয়নের পাচ্চর মাস্টার কলনী এলাকায় বসবাস করেন।

Leave a Reply