ফরিদপুরের ভাঙ্গায় মোবাইলে ঝগড়ার জের ধরে স্বামীর বাড়ি থেকে স্ত্রী হাজেরা বেগমের(২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পরে পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের কাসেম মুন্সীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী নুরুল আলম মুন্সি দীর্ঘদিন ধরে মালেশিয়ায় প্রবাস জীবন যাপন করছেন।
ওই গ্রামের নুর আলম মুন্সির সাথে গঙ্গাদরদী গ্রামের হাজেরা বেগমের সাথে প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে বিবাহ হয়। প্রথমদিকে তাদের সংসার ভালোভাবে কাটলেও পরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল । এ নিয়ে শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে মোবাইলে ঝগড়াঝাটি হয়।
এরপর হাজেরা বেগম তার দুই সন্তান নাজমুল ও রহিমাকে নিয়ে শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে ছেলে নামজুল ঘুম থেকে উঠে তার মাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোক এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই আফজাল হোসেন বলেন, সংবাদ পেয়ে বামনকান্দা গ্রাম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।





Leave a Reply