ফরিদপুরে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে শহরের আদর্শ বালিকা স্কুলের জয়নুল আবেদীন টিটন নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানার পুলিশ।
রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।গ্রেপ্তারকৃত ওই শিক্ষক ২০১০ সালে অত্র স্কুলে যোগদানের পর থেকে ১৪ বছর যাবত ওই স্কুলের ছাত্রীদের যৌন হয়রানি নিপীড়নসহ ছাত্রীদের নানাভাবে ভয় ভীতি দেখিয়ে আসছিলেন ।
গত শনিবার একটি জাতীয় দৈনিকের শেষের পাতায় ওই নিপীড়কের ছবিসহ “যৌন নিপীড়নের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে “শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়।
এরপর থেকেই মুখ খোলার সাহস সঞ্চয় শুরু করে তার দ্বারা নির্যাতিত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। রোববার তাদের ১২ জন ফরিদপুরের পুলিশ সুপারের কাছে হাজির হয়ে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলেন এবং লিখিত অভিযোগ দেন। তারই প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় ওই প্রধান শিক্ষককে।
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় জয়নুল আবেদিনকে ফরিদপুর শহর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছেন দশম শ্রেণির একাধিক ছাত্রী। নিজের ও পরিবারের মানসম্মানের ভয়ে এতদিন তারা মুখ খুলেননি। রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে পুলিশ সুপারের কার্যালয়ে একাধিক শিক্ষার্থীর অবস্থান করতে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবর একটি অভিযোগ দেয় শিক্ষার্থীরা। একই সঙ্গে অভিযোগের অনুলিপি দেওয়া হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও।

Leave a Reply