ফরিদপুরে তাবদাহ ও তীব্র গরম থেকে রক্ষা করতে রিকশা চালকদের মাঝে ছাতা, স্যালাইন ও খাবার পানি বিতরণ করেছে জেলা প্রশাসন।
বুধবার (১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দুই শতাধিক রিকশা চালকদের হাতে এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
এর আগে তীব্র তাবদাহে খেটে খাওয়া বিভিন্ন শ্রমজীবী মানুষদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।
এসময় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, আমরা যারা সরকারি চাকরি করি তারা অফিসের মধ্যে থেকেই কাজ করি, কিন্তু যারা দিন মজুর,
শ্রমিক বা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা খুব কষ্টে আছেন এই গরমে। তাদের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ। তীব্র গরম থেকে বাঁচতে হয়তো কিছুটা হলেও সহায়ক হবে এই ছাতা।
রিকশা চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রচণ্ড তাবদাহের মধ্যে বেশি বেশি পানি পান করতে হবে, একটানা রিকশা না চালিয়ে কিছু সময় বিরতি দিয়ে আবার চালাতে হবে। এতে শরীর সুস্থ থাকবে।





Leave a Reply