মধুখালীতে পঞ্চপল্লির একটি কালি মন্দিরে আগুনের গুজব ছড়িয়ে মুসলিম দুই নির্মাণ শ্রমিক হত্যার ঘটনায় সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশবাদী মামলায় দুই আসামিকে প্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন, ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ভরত চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (২৮) ও কিরন ভাতুরীর ছেলে অনয় ভাতুরী (১৯)।
আজ রোববার (২১এপ্রিল) উক্ত দুই আসামিকে আটকের পর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। মধুখালী থানার এসআই তোফাজ্জেল হোসেন জানান, মধুখালীতে মন্দিরে আগুন, নির্মাণ শ্রমিক হত্যা ও সরকারী কাজে বাধা দেওয়ার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। এরমধ্যে পুলিশ বাদি হয়ে সরকারী কাজে বাধা দেওয়ার মামলায় এই দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, সরকারী কাজে বাধা দেওয়ার মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা যায়, মধুখালীর পঞ্চপল্লির কালি মন্দিরের আগুনকে কেন্দ্র করে শ্রমিকদের পিটিয়ে হত্যার ঘটনায় এপর্যন্ত পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে মধুখালী থানায় এ মামলা তিনটি নথিভুক্ত করা হয়।
একটি মামলার বাদী হামলায় নিহত দুই সহোদর আশরাফুল খান (২০) ও আসাদুল খান (১৮) এর বাবা মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের মো. শাহজাহান খান (৪৬)। তিনি এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে আসামিরা পরস্পর যোগসাজসে বেআইনিভাবে জনতাবদ্ধে পরিকল্পিতভাবে অবৈধ আটক করে খুন করার উদ্দেশে মারপিট করে সাধারণ গুরুতর জখম করে হত্যা করার এবং অগ্নিসংযোগের অপরাধ।
দ্বিতীয় মামলার বাদী পঞ্চপল্লী সার্বজনীন কালি মন্দিরের পূজারী কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা প্রভাষ চন্দ্র মন্ডলের স্ত্রী তপতী রানী মন্ডল (৪৭)। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার মধ্যে কে বা কাহারা ওই মন্দিরে কালি প্রতীমার পড়নের শাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, পড়নের শাড়ি ও মাথার চুল পুড়ে যাওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
তৃতীয় মামলাটির বাদী মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) শংকর বালা। এ মামলায় ওই থানার ওসিসহ ১০ জন পুলিশ সদস্যকে আহত করা, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করা এবং অগ্নি সংযোগের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আসামি হিসেবে ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মধুখালী ও বালিয়াকান্দির অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লি এলাকায় একটি কালি মন্দিরে অগ্নিসংযোগের গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে নির্মমভাবে দুই মুসলিম নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়।
এঘটনায় আরও পাঁচজন মুসলিম নির্মাণ শ্রমিককে গনপিটুনিদিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশদের অবরুদ্ধ করে রাখে হামলাকারিরা।

Leave a Reply