ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে আগুন দেওয়ার সন্দেহে গণপিটুনিতে নির্মাণ শ্রমিক দুই ভাইকে হত্যা করা হয়েছে। এঘটনায় পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ। নিহত দুজন হলেন, মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল (২১) ও তার ভাই আশাদুল (১৫)। বৃহস্পতিবার (১৮এপ্রিল) সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে এঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে সন্ধ্যায় নির্মাণ শ্রমিকদের গণপিটুনিতে আহত করে মুমূর্ষু অবস্থায় তাদের নির্মাণাধীন একটি স্কুল ভবনের কক্ষে হাতপা বেধে মেঝেতে ফেলে জিম্মি করে রাখা হয়। খবর পেয়ে সন্ধ্যার পরে প্রথমে মধুখালী থানার ইউএনও এবং ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলা চালিয়ে পুলিশকেও জিম্মি করে রাখে হামলাকারীরা। এসময় ফরিদপুর ও রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ সেখানে পৌছালে হামলাকারীরা রণমূর্তি ধারণ করে। পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুঁড়তে থাকে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। খবর পেয়ে ফরিদপুর থেকে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থলে ছুটে যান।
প্রায় ৬ ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গোটা এলাকার আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন ৪ প্লাটুন বিজিবি চেয়ে পাঠিয়েছে।
ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন জানান, পাঁচ গ্রাম নিয়ে সেখানে পঞ্চপল্লী অবস্থিত। এলাকাটি হিন্দু বসতি অধ্যুষিত। এর মাঝে কৃষ্ণনগর নামে এক গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের জন্য সেখানে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। সেখানে একটি কালি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় পঞ্চপল্লীর একদল মানুষ ওই নির্মাণ শ্রমিকদের পিটিয়ে আহত করে নির্মাণাধীন স্কুল ঘরে আটকে রাখে। স্কুল ভবনের দরজা, জানালা, গ্রীল ভেঙ্গে ফেলে তারা। এসময় বাইরে থেকে কেউ ওই গ্রামে যেতে পারেনি।
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, সেখানে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলো। উত্তেজিত জনতা ভেতরে ঢুকে তাদের লাঠি দিয়ে বেদম প্রহার করে ও ইট দিয়ে থেতলিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে মধুখালী থানার ইনচার্জ ফোর্স সহ সেখানে যায়। তাদের সাথে মধুখালী উপজেলার ইউএনও ও ছিলো। তারা সেখানে গেলে উত্তেজিত জনতার হাতে আটকে পড়ে। খবর পেয়ে আমরা ফরিদপুর থেকে অতিরিক্ত ফোর্স সহ সেখানে গিয়ে তাদের সহ আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ফরিদপুরে হাসপাতালে পাঠাই।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় অনেক পুলিশ আহত হয়েছেন। তাদের দিকে ইটপাটকেল ছুড়ে মারা হয়েছে। গ্রামবাসী সহ সকলকে অনুরোধ করেছি কেউ যেনো আইনকে নিজের হাতে তুলে না নেয়। বিষয়টি ঢাকা থেকে আইজি মহোদয় নিজেও সবসময় খবরাখবর রাখছেন বলে জানান তিনি।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, এখানে পঞ্চপল্লী গ্রামে একটি কালী মন্দিরে আগুন দেওয়ার খবরে ঘটনার সূত্রপাত। গ্রামবাসীর সন্দেহ এখানে একটি নির্মাণাধীন প্রাইমারি স্কুলের নির্মাণ শ্রমিকেরা আগুন দিয়েছে। তারা এই শ্রমিকদের বেদমভাবে পিটিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করতে এলে তাদের বাঁধা দেয়া হয়। তখন কয়েক রাউন্ড গুলি করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।
রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পঞ্চপল্লী গ্রামে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, সকালে এখানে বিজিবি মোতায়েনের জন্য চার প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে।
মধুখালী ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হবে। কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ দেয়া হবেনা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান এ ঘটনায় দু’জন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদপুর হাসপাতালে চারজনকে আনা হয়। এর মধ্যে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত আরও তিনজনকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave a Reply