ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর নাউটানা এলাকা থেকে উদ্ধার হওয়া হাসি বেগম বলে সনাক্ত হওয়া অর্ধগলিত মরদেহ জীবিত ফিরে এলেন ।নিখোঁজের ৫ দিন পর সদরপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত ৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন হাসি বেগম নামের ওই গৃহবধূ।
তাকে উদ্ধারের পর এলাকায় দেখা দিয়ে ব্যাপক চাঞ্চল্য। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ভাঙ্গা উপজেলায় পাওয়া ওই নারীর অর্ধগলিত মরদেহকে হাসি বেগমের বলে শনাক্ত করেন তার মা। পরে ওই মরদেহ দাফন করে হাসি বেগমের পরিবার।
তখন হাসি বেগমের পরিবার তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করে পরিবার ও এলাকাবাসী ক্ষোভে ফুঁসতে থাকে। দাফনের পাঁচদিন পর হাসি বেগমকে জীবিত অবস্থায় পুলিশ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে (২৫ সেপ্টেম্বর) সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ময়মনসিংহের নান্দাইল থেকে হাসি বেগমকে আটক করে সদরপুর থানায় নিয়ে আসেন।
শুরু হয় লাশ উদ্বারের নতুন রহস্য। প্রশ্ন আসে তাহলে উদ্ধার হওয়া মরদেহটি কোন হতভাগ্যের? হাসি বেগম সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। পারিবারিক ও পুলিশ জানায়,৮ বছর পূর্বে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বড় বাড়ির মৃত শাহ আলম শেখের ছেলে মোতালেব শেখের সাথে হাসি বেগমের বিবাহ হয় ।
তাদের সাত বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। গত ৭ সেপ্টেম্বর বিদ্যুৎ বিল দেওয়ার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় হাসি বেগমের বাবা শেখ হাবিবুর রহমান গত ১১ সেপ্টেম্বর সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, তার মেয়ে হাসি বেগমকে জামাতা মোতালেব শেখ হত্যার পর মরদেহ গুম করেছে। এর দুইদিন পর ১৪ সেপ্টেম্বর হাসি বেগমের স্বামী মোতালেব শেখ সদরপুর থানায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে তিনি উল্লেখ করেন, হাসি বেগম নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে পিতার বাড়িতে পালিয়ে গেছেন। দোটানায় পড়ে যায় পুলিশ।
এরই মধ্যে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর এলাকার নাউটানা এলাকায় কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসি বেগমের মা সালমা বেগম মরদেহটি তার মেয়ে হাসি বেগমের বলে শনাক্ত করেন। এরপর ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়ার পর শৌলডুবী মদিনাতুল কবরস্থানে ওই মরদেহ দাফন করা হয়।
এদিকে, অভিযোগ-পাল্টা অভিযোগ চলা অবস্থায় ২৩ সেপ্টেম্বর হাসি বেগম ফোন করে তার বাবা-মাকে জানান তিনি জীবিত আছেন। এরপর সোমবার সদরপুর থানা পুলিশ হাসি বেগমকে ময়মনসিংহের নান্দাইল থেকে উদ্ধার করেন।
বিষয়টি নিয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান,হাসি বেগমকে ময়মনসিংহের নান্দাইল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি থানায় আছেন।
বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ঘটনাটি ভাঙ্গা ও সদরপুর থানা জড়িয়ে। ফলে সব তথ্য না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।


Leave a Reply