অর্থপাচার মামলায় ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আকবর আলী এ আদেশ দেন।
উক্ত মামলায় আসামি সিদ্দিকুর রহমান হাই কোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন । জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৯ অগাস্ট ফরিদপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি পরিদর্শক নাসিরউদ্দিন বাদি হয়ে সিদ্দিকুর রহমানকে প্রধান আসামি করে মোট পাঁচ জনের বিরুদ্ধে ১০০ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকা পাচারের অভিযোগে কোতোয়ালি থানায় এই মামলাটি করেন।
এবিষয়ে কোতোয়ালি থানার ওসি এম.এ জলিল জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলাটি করা হয়েছে।মামলার অন্যান্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর, শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল এবং যুলীগের বহিস্কৃত নেতা এএইচএম ফোয়াদ।
এই মামলায় সিদ্দিকুর রহমান ছাড়া অপর চারজনের বিরুদ্ধে ২০২০ সালের ২৬ জুন ঢাকার কাফরুল থানায় সিআইডির দায়ের করার দুই হাজার কোটি টাকা পাচার মামলায় আসামিরা আগে থেকেই কারাগারে রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৯ অগাস্ট অর্থ পাচারের অভিযোগে ফরিদপুরে মামলা হওয়ার পর সিদ্দিকুর রহমান ১৩ অগাস্ট হাই কোর্টের একটি বেঞ্চ থেকে চার সপ্তাহের অন্তবর্তী জামিন লাভ করেন। ওই সময়ের মধ্যে তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নিদের্শ দিয়েছিল হাইকোর্ট।
হাই কোর্টের বেঁধে দেওয়ার সময় শেষ হওয়ার আগেই সিদ্দিকুর রহমান বুধবার (৩০ অগাস্ট) আদালতে হাজির হয়ে আবার জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
অন্যদিকে, বরকত-রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় দায়েরকৃত দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মেট্রোপলিটন আদালতে সিআইডির দেওয়া অভিযোগপত্রে সিদ্দিকুর রহমানের নাম রহস্যজনকভাবে বাদ পরে। কিন্তু নতুন করে চার্জশিটে আবার ৩৭ জনের নামের সাথে সিদ্দিকুর রহমানের নাম আসে।

Leave a Reply