ফরিদপুরে চোরাই করা ৯টি মোটরসাইকেল ও ৬টি ইজিবাইকসহ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।ফরিদপুরের নবাগত সদর সার্কেল মো: সালাউদ্দীনের নেতৃত্বে গতকাল শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশের একাধিক চৌকস টিম।
এসময় আসামিদের নিকট থেকে চোরাই করা ৯টি মোটরসাইকেল, ৬টি ইজিবাইক ও চুরিরকাজে ব্যবহৃত ৩টি মাস্টার কিং চাবি উদ্ধার করা হয়।আজ শনিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শাহজাহান।

তিনি জানান, গত কয়েকদিন যাবৎ শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইক চুরি হচ্ছে। এরই প্রেক্ষিতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশের ৩টি চৌকস টিম ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়ে অভিযান চালায়। এসময় মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সক্রিয় সদস্য মো. রাসেল ওরফে মনির মাতুব্বরকে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
রাসেলের দেওয়া তথ্য মতে, সদর উপজেলার চর মাধবদিয়া ছনেরটেক এলাকা থেকেবাদশা ফকির নামে এক চোরকে গ্রেফতার করে পুলিশ।এসময় তার বসতবাড়ির ভেতর থেকে ৩টি মোটরসাইকেল ও একটি রোড মাস্টার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টার দিকে শহরের অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে সিদ্দিক নামে আরেক চোরকে গ্রেফতার করা হয়। এসময় সিদ্দিকের বসতবাড়ি থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের দেয়া তথ্য মতে, শহরের আরেক জায়গায় অভিযান চালিয়ে আলামিন নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।আসামি আলামিনের দেওয়া তথ্য মতে, একটি গ্যারেজ থেকে ৩টি ইজিবাইক উদ্ধার করা হয়। আসামিদের দেওয়া তথ্য মতে সন্ধ্যা ৭টার দিকে সদরপুর থানাধীন হাটকেষ্টপুর থেকে আরও ৩টি চোরাই ইজিবাইকসহ আয়নাল নামে একজনকে গ্রেফতার করা হয়।
পরে চোরাই মালামাল বিক্রি ও মোটরসাইকেল চুরির কাজে সহযোগিতা করায় শহরের আলীপুর বাদামতলি সড়ক থেকে ইয়াসিন ও নর্থচ্যানেল ইউনিয়ন থেকে সাদ্দাম নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
এসময় পুলিশের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইমদাদ হোসাইন, সদর সার্কেল মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা । পরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply