ফরিদপুরের আলোচিত জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়াকে কুপিয়ে জখমসহ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স (উদ্ভিদবিদ্যা) তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলোচিত প্রান্ত মিত্র (২৩) হত্যাকাণ্ডে জড়িত চার ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছে থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, চাপাতি, সেভেন গিয়ার চাকু ও রেঞ্জসহ হত্যাকারীর গায়ে থাকা রক্তমাখা জামা- কাপড়,
জুতা ও বেল্ট জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, তানভীর আহম্মেদ সজিব শেখ (২৩), ইসরাফিল মল্লিক (৩৪), সিফাতুল্লাহ বেপারী (১৯) ও মাসুম শেখ (৩৪)। এদের মধ্যে তানভীর, ইসরাফিল ও সিফাতুল্লাহ ছিনতাই ও হত্যাকাণ্ডে অংশ নেন। মাসুম শেখ তাদের মোটরসাইকেল সরবরাহ করেন।
আজ বুধবার (২ আগস্ট) দুপুর ১২ টার দিকে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান। এসময় নিহত প্রান্ত মিত্রের বাবা বিকাশ মিত্র, মা পুতুল মিত্রসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
পুলিশ সুপার জানান, একই রাতে ছিনতাইকারী দলটি প্রান্তকে হত্যার পর একটি মোটর সাইকেলযোগে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আরো কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃতরা সবাই মাদকসেবী। তারা মাদকসেবন ও পতিতালয়ে ফূর্তির জন্য এসব ছিনতাই করত। পুলিশ সুপার জানান,

গত ২৫ জুলাই রাত ২টার দিকে হৃদয় নামে এক বন্ধুর বোনের ডেলিভারি সংক্রান্ত জটিলতায় সহায়তা করতে প্রান্ত শহরের ওয়ারলেসপাড়ার বাসা থেকে বের হন। এরপর একটি রিক্সায় হাসপাতালে যাওয়ার পথে আলিমুজ্জামান ব্রীজের ঢালে তিন ছিনতাইকারী তার বুকে চাকু দিয়ে কুপিয়ে তার স্মার্ট ফোন ও দুই হাজার টাকা ছিনিয়ে নেয়।
এসময় সামনে থেকে আসা অন্য গাড়ীর আলো দেখে ছিনতাইকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।
তিনি জানান, ছিনতাইকারিরা প্রান্তকে হত্যার পরে রাত পৌনে ৪টার দিকে আলীপুর বাদামতলী সড়কে একজন সবজিবিক্রেতার ভ্যান থামিয়ে তিন হাজার টাকা ছিনতাই করে। রাত সোয়া ৪টার দিকে ঝিলটুলীতে পুরাতন পাসপোর্ট অফিসের সামনে ধুলদি মসজিদের ইমাম মুফতি আবু নাসিরের কাছ থেকে চাপাতির ভয় দেখিয়ে একটি স্মার্ট ফোন ও নগদ টাকা ছিনতাই করে।
ভোর ৪টা ৫০ মিনিটের দিকে শহরের কমলাপুরে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়াকে কুপিয়ে জখম করে তার স্মার্ট ফোন ছিনতাই করে। তারপর ভোর ৫টার পরে তারা পূর্ব খাবাসপুর অন্ধকল্যাণ হাসপাতালের সামনে শরীফ উল্লাহ মাহমুদ মিয়া নামে একজন চিকিৎসকের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি স্মার্ট ফোন ও নগদ টাকা ছিনতাই করে।
এসব গণছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকতা, থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পুলিশের একটি চৌকস টিম গঠন করে মামলার তদন্ত পরিচালনা করা হয়। শহরের বিভিন্ন সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় ঢাকার শ্যামপুর হতে তানভীর আহম্মদ সজিব শেখকে গ্রেফতার করা হলে তার কাছ থেকে নিহত প্রান্ত মিত্রের ছিনতাই হওয়া মোবাইল সেট উদ্ধার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী মধুখালী থেকে আরেক আসামি ইসরাফিল মোল্লাকে গ্রেফতার করার পর তার কাছ থেকে জাদু মিয়ার ছিনতাই হওয়া মোবাইল সেট উদ্ধার করা হয়।
তাদের দেয়া তথ্য অনুযায়ী পরে অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শৈলেন কুমার চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) মোঃ শেখ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ওসি এম এ জলিল, ডিবির ওসি রাকিবুল ইসলাম, ট্যাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর সহ ঘটনার উদ্ধারের সহযোগিতাকারী পুলিশের কর্মকর্তা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকরা।
উল্লেখ: গত সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে হৃদয় নামে এক বন্ধুর ফোন পেয়ে শহরের ওয়ারলেসপাড়ার বাসা থেকে রিক্সায় করে শিশু হাসপাতালের যাওয়ার পথে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে নিহত হন প্রান্ত। এর দুদিন পরে বুধবার (২৭ জুলাই) দিবাগত যাতে প্রান্তের বাবা বিকাশ মিত্র অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় এ মামলা করেন।

Leave a Reply