পবিত্র ঈদুল আজহার দিন শেষে রাতে ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা সুস্বাধু খাবার নিয়ে ছুটে যান ফরিদপুরের জনবান্ধব পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান। তিনি রাতে বিভিন্ন দোকানের সামনে, অলিগলি ও মহল্লার রাস্তার পাশে রাত কাটানো সুবিধাবঞ্চিত গরীব ছিন্নমূল মানুষের মাঝে গিয়ে খাবার বিতরণ করেন।বৃহস্পতিবার (২৯ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোয়ালচামট এলাকায় রাস্তার পাশে থাকা কমপক্ষে ৩০০ গরীব ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
খাবার পাওয়া অনেকেই জানান, আমরা দিনমজুরের কাজ করার পর রাস্তার পাশে পলিথিন ও মশারি টানিয়ে কোনোমতে রাত পার করি। ঈদের দিনে কাজকর্ম নেই। ভালোমন্দ খাওয়া হয়নি। পরিবারের লোকজন না থাকায় মাংসও খাওয়া হয়নি। ঘুমিয়ে পড়েছিলাম। পুলিশের ডাকে ঘুম থেকে জেগে দেখি এসপি স্যার পোলাও-মাংস নিয়ে এসেছেন। খুব মজা করে খেয়েছি।
এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, সবার সঙ্গে ঈদের আনন্দ ও খুশিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়। সমাজের গরিব অসহায় ও খেটে খাওয়া দিনমজুর মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। ফরিদপুর জেলা পুলিশ সবসময় এমন মানবিক কাজে অংশ নিয়ে থাকে। ঈদের দিনে মাংস-পোলাও, নানা রকমের বাহারি খাবার পেয়ে মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রমুখ।


Leave a Reply