ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় থানা সংলগ্ন এম এম ওসমান মডেল প্রাঃ হাই স্কুলের শিক্ষার্থীদের বেতন বকেয়া, স্কুল ড্রেস পরিধান না করা ও চুল বড় রাখার দায়ে পরীক্ষা চলাকালীন সময় দরজা বন্ধ করে প্রধান শিক্ষক ওসমানের বেধড়ক বেত্রাঘাতে কমপক্ষে ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে শিক্ষার্থীদের অভিযোগ।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী ও অভিভাবক সূত্র জানা যায়, মঙ্গলবার এম এম ওসমান মডেল প্রাইভেট হাইস্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সমাজ পরীক্ষা চলছিল, পরীক্ষা শুরুর আধা ঘন্টা পরে প্রধান শিক্ষক এম এম ওসমান পরীক্ষার হলে প্রবেশ করেন।
প্রবেশ করেই দুই থেকে তিন জন শিক্ষার্থীর স্কুল ড্রেস পরিহিত না দেখে ওসমান স্যার সকলকে এলোপাথাড়ি বেত্রাঘাত শুরু করেন। স্কুলের সহকারি শিক্ষক ওমর স্যার ঠেকাতে আসলে তাকেও মারধর করেন। এসময় শিক্ষার্থীরা কান্নাকাটি ও ভয়ভীতি পেয়ে পরীক্ষা না দিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়।
পরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ওসমানের বিরুদ্ধে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা মৌখিক অভিযোগ জানান।
আহত শিক্ষার্থীরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে, নবম শ্রেণীর শিক্ষার্থী নিশান শেখ জানান, আমরা বেশিরভাগ শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরিহিত ছিলাম, দুই একজনের জন্য ওসমান স্যার দরজা বন্ধ করে আমাদের মারপিট করেন।
তখন ২৫-৩০ জন ছাত্র স্যারের বেত্রাঘাতে আহত হন। স্যার মারার সময় হুমকি দিয়ে বলেন, যদি বাহিরে গিয়ে আমার নামে কিছু বলোস, তাহলে আমি কিন্তু লেখক, সকলকে মামলা দিয়ে শায়েস্তা করব, তোরা কিছুই করতে পারবি না।


এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন রুবেল বলেন, শিক্ষার্থীদের বেত্রাঘাতের আলামত আমাকে দেখিয়েছে,
আমি মর্মাহত হয়েছি, শিক্ষার্থীদের গায়ে আঘাতের চিহ্ন দেখে সঙ্গে সঙ্গে আমি উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জালাল উদ্দিন কে তদন্ত করার নির্দেশ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। এখনো পর্যন্ত কোন শিক্ষার্থী বা অভিভাবকের লিখিত অভিযোগ পাইনি।
এ ঘটনায় প্রধান শিক্ষক এম এম ওসমানকে স্কুলে পাওয়া যায়নি। পরে তার মুঠো ফোনে একাধিকবার কল করার পরেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।


Leave a Reply