এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের জেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক স্কুল পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করনীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনব্যাপী স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ০৯ টি উপজেলা থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে প্রতিটি টিমে মোট ০৯ জন (মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ইত্যাদি) করে সর্বমোট ৮১ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রতিটি টিম এর সলাপরামর্শ ও কার্যক্রমের মাধ্যমে মাধ্যমিক স্কুল পর্যায়ে ম্যানেজিং কমিটির ভূমিকা, কোর্স কারিকুলামের সংস্কার, স্কুল টাইমের সমন্বয়, ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের মধ্যে সমন্বয়ের গাইডলাইন এবং শিক্ষক ও শিক্ষার্থীর করণীয় বিষয়ক অনেকগুলো সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গিয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা,
সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান, সরকারী ইয়াছিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম ইসহাক মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক,

জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল ও এনজিও প্রতিনিধি রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা। কর্মশালার শুরুতে প্রধান অতিথি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের আলোচ্য বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাপনী বক্তব্যে কর্মশালায় প্রাপ্ত বিভিন্ন প্রস্তাব,
আইডিয়া ও পরামর্শগুলো নিয়ে পরবর্তীতে আর একটি সভা করে “শিক্ষাক্ষেত্রে ফরিদপুর মডেল” আকারে মাননীর শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিস্তারিত প্রস্তাব প্রেরণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত আইডিয়া গুলো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মানসম্মত শিক্ষা বিস্তারে ভবিষ্যতে আরো ব্যাপক কর্মসূচি গ্রহণের কার্যকরী পদক্ষেপ নিবে বলে জানান।


Leave a Reply