এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর নিকট থেকে দেড় কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাজিদকে গ্রেফতার করেছে পুলিশ।
বালিয়াকান্দি এলাকা থেকে রবিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়।
গ্রেফতার তৌফিক খান সাজিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। এর আগে গত শুক্রবার জেলার মধুখালী উপজেলার কামারখালী গড়াই সেতুর টোলঘরের সামনে থেকে স্বর্ণের বারগুলো ছিনতাই করা হয়।
এ ঘটনায় রাতে ওই ব্যবসায়ী মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ওই রাতেই মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রইচ মোল্যাকে (৪০) গ্রেফতার করা হয়।
তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর রবিবার রাতে তৌফিক খান সাজিদকে গ্রেফতার করা হয়।
মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে তৌফিক খান সাজিদকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, কুমিল্লার লাকসাম উপজেলার চান্দিনা হাসিমপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রাসেল মিয়া শুক্রবার ঢাকা থেকে একটি বাসে ভাঙ্গা চৌরাস্তায় নেমে বাস পরিবর্তন করে চুয়াডাঙ্গা রওনা হন।
পথিমধ্যে কামারখালী গড়াই সেতুর টোল প্লাজায় পৌঁছালে আট-নয়জন দুর্বৃত্তরা বাসের ভেতরে উঠে ব্যবসায়ী রাসেল মিয়াকে ধরে টানতে টানতে নিচে নামান। এসময় তারা তাকে কিলঘুষি এবং ভয়ভীতি দেখিয়ে সড়কের পাশে একটি করাতকলের মালিক জুয়েল খানের বাড়ির ভেতরে নিয়ে যান। একপর্যায়ে তার কাছে থাকা ২০টি সোনার বার তারা ছিনিয়ে নেন।
প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬.৬০ গ্রাম করে সেখানে মোট ২ কেজি ৩৩২ গ্রাম সোনা ছিলো। যার দাম আনুমানিক দেড় কোটি টাকা বলে জানা গেছে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে গত শুক্রবার বিকেলে মধুখালী থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে বিভিন্নস্থানে জোরদার অভিযান চলছে।

Leave a Reply