ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৭নং আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়ে আত্মপ্রকাশ করেছেন পীরেরচর গ্রামের আবু বাহার ফকিরের ছেলে ও সাবেক বিজিবি সদস্য মো. সোবাহান ইসলাম টুটুল (এমএ)।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। এ সময় এলাকার মানুষের পাশে থেকে কাজ করা, ইউনিয়নের উন্নয়ন এবং জনসেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন টুটুল।
সংবাদ সম্মেলনে মো. সোবাহান ইসলাম টুটুল বলেন, “দীর্ঘদিন দায়িত্বশীলতার সঙ্গে চাকরি করেছি। এখন এলাকার মানুষের সেবা করার ইচ্ছা থেকেই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে আলগী ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”
তিনি বলেন, ইউনিয়নের মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা জানতে চান। পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাবেক এই বিজিবি সদস্য বলেন, “বিজিবি সদস্য হিসেবে সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেছি। তেমনি প্রিয় আলগী ইউনিয়নবাসীকেও বুকে আগলে রেখে তাদের সেবা করতে চাই।”
উচ্চশিক্ষিত মো. সোবাহান ইসলাম টুটুল আরও বলেন, “শুধু কথার ফুলঝুরি নয়, কাজ এবং মানুষকে ভালোবাসার মাধ্যমে সবার মাঝে বেঁচে থাকতে চাই। মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
তিনি আরও জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। এলাকার মানুষের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চান তিনি।
সংবাদ সম্মেলনে ওসমান মাষ্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




Leave a Reply