ফরিদপুরের ভাঙ্গায় জুনিয়র বৃত্তি-২০২৫, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এবং আইডিয়া শোকেসিং প্রোগ্রামে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী মেধাবী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) ভাঙ্গা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোহাম্মদ ফাইজুর রহমান ও বিষ্ণুপদ মণ্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান,
ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব মোল্লা, বিএনপি নেতা মুন্সি মনিরুজ্জামান মনি ও দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন স্মরণ।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল ও মূল দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী,
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এবং আইডিয়া শোকেসিং প্রোগ্রামে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থী রাজমনি ভট্টাচার্য রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।
অষ্টম শ্রেণির ছাত্র মুস্তাকিম নাদিয়ান কবিতা আবৃত্তি ও লালনসংগীত পরিবেশন করে প্রশংসা কুড়ায়। এছাড়া শিক্ষার্থী তাবাসসুম হোসেন নুসিন ইংরেজিতে বক্তব্য দেন।
তিন শিক্ষার্থীর পরিবেশনা ও বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। পরে তিনি তাদের প্রতিভার প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের উৎসাহিত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের দিকে নজর না দিয়ে নৈতিকতা,
মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত কৃতি শিক্ষার্থী ও মেধাবী শিক্ষকদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।



Leave a Reply