ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ওপর হামলা এবং বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী খবির মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, বড়দিয়া গ্রামের খবির মাতুব্বরের সঙ্গে একই এলাকার ফায়েক মাতুব্বর, লাভলু মাতুব্বরসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষের লোকজন তার প্রায় আড়াই শতাংশ জায়গা জোরপূর্বক দখল করে রেখেছেন।
খবির মাতুব্বরের অভিযোগ, ওই জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষরা কোনো সিদ্ধান্তের তোয়াক্কা না করে দখল অব্যাহত রেখেছেন। এমনকি তার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।
তিনি আরও অভিযোগ করেন, জায়গা দখলের প্রতিবাদ জানিয়ে বাধা দিতে গেলে বুধবার বিকেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায় এবং বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করে।
এদিকে, অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।



Leave a Reply