ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় সালাউদ্দিন(২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং চালক সালাউদ্দিন মহাসড়কের রেলিংয়ের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় মোটরসাইকেলে থাকা জেলার নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামের সিরাজ শেখের ছেলে সাব্বির শেখ (১৮) একই গ্রামের আকতার মাতুব্বরের ছেলে তামিম হোসেন (১৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।



Leave a Reply