প্রবাসী যুবক নুর শেখ গিয়েছিলেন উপজেলার নয়াকান্দা গ্রামে মামাত বোনের বিয়ের অনুষ্ঠানে। বাড়ীতে এলেন লাশ হয়ে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিলদিয়া এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফিডার সড়কে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় নুর শেখ (২২) নামে ওই প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। আজ বিকেলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
নিহত নুর শেখ ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের দিগলকান্দা গ্রামের তুষার শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রবাসে কর্মরত ছিলেন এবং ছুটিতে দেশে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে বাড়ি থেকে পারিবারিকভাবে তার মামাত বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পথিমধ্যে সলিলদিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।
শিবচর হাইওয়ে থানার এসআই মুনতাসির হোসেন বলেন,
অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুর শেখ নিহত হয়েছেন। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, নুর শেখের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় জড়িত ঘাতক গাড়িটি দ্রুত শনাক্ত করে চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

Leave a Reply