ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে স্বীকৃত এক নারীর নির্মাণাধীন দুইতলা পাকা ভবনে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাতে উপজেলার সাউতিকান্দা মৌজার বিএস ৯৪১ নম্বর দাগে, বামনকান্দা রেলস্টেশনের দক্ষিণ পাশে অবস্থিত নির্মাণাধীন ভবনের নিচতলার লোহার দরজার দুটি তালা ভেঙে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভবনে প্রবেশ করে।
পরে ভবনের নিচতলা ও দ্বিতীয় তলা থেকে নির্মাণকাজে ব্যবহৃত রডসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
এদিকে শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর ভবন পরিদর্শন করে দেখা যায়, চুরির আলামত গোপন বা নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।
তবে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ার আশঙ্কায় দুর্বৃত্তরা লোহার দরজার একটি পাল্লা ঘটনাস্থল থেকে প্রায় ৬০০ ফুট দূরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পশ্চিম পাশে একটি ঝোপের মধ্যে ফেলে রেখে যায়। চুরি হওয়া দুটি তালা ও অন্যান্য মালামাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তারা সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় একটি ঈর্ষান্বিত সংঘবদ্ধ চক্র বিভিন্নভাবে তাদের হয়রানির চেষ্টা করে আসছে।
এছাড়া, এর আগেও একই মৌজার ওই জমির একটি অংশ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছিল বলেও তারা জানান।
এ ঘটনায় প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকরা।



Leave a Reply