জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হওয়ায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা আক্তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ করেছেন।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন।এর আগে গত শনিবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়।
চম্পা আক্তার ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং কৃতিত্বের সঙ্গে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হন।
দীর্ঘদিন ধরে কাবিং কার্যক্রমে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসা চম্পা আক্তারের নেতৃত্বে তাঁর কাব ইউনিট থেকে এ পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
কাবিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারত ও নেপাল সফরের সুযোগ লাভ করেন। এছাড়া ২০১৭ ও ২০২৩ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে তিনি প্রশংসিত হন।
চম্পা আক্তারের এই অর্জনে ভাঙ্গা উপজেলা ও ফরিদপুর জেলার শিক্ষা অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবক তাঁকে অভিনন্দন জানিয়েছেন। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুলও তাঁর এ সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে ১৮ নং মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মারুফা শার্মিন বলেন, “চম্পা আক্তারের এই অর্জন আমাদের সবার জন্য গর্বের। জাতীয় পর্যায়ে তাঁর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর এ সম্মান ভাঙ্গা উপজেলার শিক্ষা অঙ্গনের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।
আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও তিনি তাঁর নিষ্ঠা, মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে চম্পা আক্তার বলেন, “জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গৌরবের।
এই অর্জন শুধু আমার নয়, এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের সবার। যারা সবসময় আমাকে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
ভবিষ্যতেও শিশুদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং কাব কার্যক্রমের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।”শিক্ষাক্ষেত্রে তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জন ভাঙ্গা তথা ফরিদপুর জেলার জন্য একটি অনন্য সম্মান হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply