ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদের দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী বাজার ও আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকার মধ্যে যোগাযোগ সহজ করতে নির্মিত রায়পাড়া-শাহমল্লিকদী শহিদুল ইসলাম (দুলাল) সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সেতুটির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর ফলে আলগী ইউনিয়নের সঙ্গে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী বাজার এলাকা এবং চুমুরদী ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। এর মাধ্যমে ভাঙ্গা থেকে নগরকান্দা ও মুকসুদপুর উপজেলায় যাতায়াত আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
একসময় কুমার নদ পারাপারের জন্য এলাকাবাসীকে খেয়া নৌকার ওপর নির্ভর করতে হতো। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে বাঁশের সাঁকো এবং পরবর্তীতে বাঁশের পুল নির্মাণ করা হলেও তা ছিল ঝুঁকিপূর্ণ ও অস্থায়ী ব্যবস্থা। দীর্ঘদিনের দাবি ও জনদুর্ভোগের অবসান ঘটিয়ে এবার নির্মিত হলো স্থায়ী পাকা সেতু।
সেতুটি চালু হওয়ায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়-কলেজে যাতায়াত, অসুস্থ রোগীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের জন্য রায়পাড়া সদরদী বাজারে নিরাপদ ও সহজ যোগাযোগ নিশ্চিত হবে।
উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরলেন এমপি বাবুল
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন,
“কুমার নদের দুই প্রান্তের মানুষের যাতায়াতসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও জানান, ফরিদপুর-ভাঙ্গা সড়ক চার লেনে উন্নীত করার কাজ শিগগিরই শুরু হবে। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ভাঙ্গার তাড়াইল পর্যন্ত সড়কের বিভিন্ন সেতু ও কালভার্ট নির্মাণকাজ চলমান রয়েছে। ভাঙ্গার পুকুরিয়ায় একটি দৃষ্টিনন্দন ইন্টারসেকশন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
এ সময় তিনি চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন,
“আমার এলাকায় চাঁদাবাজি, ধান্দাবাজি ও মাদক ব্যবসার কোনো স্থান হবে না। এ বিষয়ে আমার জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীমের সঞ্চালনায় চুমুরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,
সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাওছার ভূঁইয়া, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম মিরু মুন্সী,
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ এবং অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম,নারী নেত্রী নারগিস আক্তার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


Leave a Reply