মানবতার কল্যাণ ও জনসেবার প্রত্যয় নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ফরিদপুর জেলা সভাপতি এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের কনিষ্ঠ সহোদর নজরুল ইসলাম খান। তিনি বলেন,
এটি একটি অরাজনৈতিক ও মানবসেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে গত তিন বছরে ফাউন্ডেশনটি নিজ এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি বলেন,
আমার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন বিগত তিন বছর ধরে জনকল্যাণ ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সরকার আমার মাকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করেছে।
আমাদের এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও মানবসেবায় নিয়োজিত থাকবে। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমরা আমাদের জনকল্যাণমূলক কার্যক্রম তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে চাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম,
চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ্জুক হোসেন, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, শহিদুল মাস্টার, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা জহুরুল হক কল্লোল।
পরে ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।


Leave a Reply