চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে একটি কুরিয়ার সার্ভিস থেকে ২২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শুক্রবার বিকেলে জেলার শান্তিমোড় এলাকায় অবস্থিত এ জে আর কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ে অভিযান চালায় র্যাব-৫। এ সময় চা পাতার বস্তার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পলিথিন মোড়ানো ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ওই পার্সেলের সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকার কামাল উদ্দিনের ছেলে মিরাজুল ইসলাম।
র্যাব জানায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কৌশলে গাঁজা এক স্থান থেকে অন্য স্থানে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় একটি সংঘবদ্ধ মাদক চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৫।

Leave a Reply