নিজের জীবন বিপন্ন করে স্বামীকে বাঁচাতে দিলেন লিভার। কিন্তু শত চেষ্টা করেও জীবনসঙ্গীকে বাঁচাতে পারলেন না স্ত্রী।
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ভারতের দিল্লিতে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে টানা ১২ ঘণ্টার অস্ত্রোপচার শেষে লিভার প্রতিস্থাপন সফল হয়।
আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনার পৌরসভার প্যানেল মেয়র মো. রবিউল হক সুমন।
তিনি বলেন, মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃতদেহ দেশে নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, মেয়র মতিয়ার রহমান লিভার সিরোসিসের রোগী ছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন তার লিভার প্রতিস্থাপন করতে হবে। বিভিন্ন জায়গায় চেষ্টা করেও মেলাতে পারেননি। পরে তার স্ত্রী রোজী রহমানের সঙ্গে শতভাগ মিলে যায়।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু বলেন, মঙ্গলবার ভোরে ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যায়। মরদেহ বাংলাদেশের নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply