চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মুদি দোকান ও দোকান সংলগ্ন বাড়ি থেকে ২০ লিটার অকটেন জব্দ করা হয়েছে।
পুলিশ ও প্রশাসনের অভিযানে জানা গেছে, দোকানে ছদ্মবেশে তেল কিনতে গেলে দোকানদার মোঃ মকবুল হোসেন (৪০) প্রতি লিটার অকটেনের জন্য ২৭০ টাকা দাবি করেন। অভিযানে তার বাড়িতেও তল্লাশি চালিয়ে প্রমাণ পাওয়া যায় যে, তেল অসাধু উদ্দেশ্যে মজুদ ও চড়া দামে বিক্রি করা হচ্ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় মোঃ মকবুল হোসেনকে ১০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জব্দকৃত ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ নির্ধারিত কোডে চালানের মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজনের প্রত্যক্ষ নির্দেশনায় সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ একরাম পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল। প্রশাসন জানিয়েছে অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply