চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কুথানীপাড়া গ্রামে পূর্ব বিরোধ মিমাংসায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এসময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাসহ কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।
এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিজেদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয় সকাল ৯টার দিকে।
বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এসময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ দিকবিদিক ছুটোছুটি শুরু করে।
একপর্যায়ে কয়েকটি বাড়িতে আগুন দেয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি নূরে আলম বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply