পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার আশপাশের এলাকার গরিব খেটে খাওয়া হত-দরিদ্র ও থানায় সেবা নিতে আসা নানা শ্রেণি-পেশার মানুষের কথা স্মরণ করে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন ওসি নূরে আলম। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর উদ্যোগে ও অন্যান্য অফিসারদের সার্বিক সহযোগিতায় থানা মসজিদে রমজানের পুরো ৩০ দিনব্যাপী ইফতারের আয়োজন স্থানীয়দের কাছে সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
প্রতিদিনের এই আয়োজনের মাধ্যমে আশপাশের প্রায় ১০০ থেকে ১৫০ জন রোজাদার ও নিম্ন আয়ের হত-দরিদ্র মানুষ সম্মানজনক পরিবেশে ইফতার করার সুযোগ পাচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য, পরিপাটি ও পরিপূর্ণ ইফতারে থাকে—খেজুর, তরমুজ, কলা, আপেল, ছোলা, মুড়ি, জিলাপি, পিয়াজু, বেগুনি, শরবতসহ নানা উপকরণে সাজানো। ইফতার করতে আসা চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র গোলাম রাব্বানী সহ অনেকেই জানান, তারা মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত পরিবারের মতো করেই ইফতার করতে পেরেছেন—যা সাধারণত অনেকের সাধ্যের বাইরে।
এ উদ্যোগ শুধু ইফতার বিতরণেই সীমাবদ্ধ থাকে না, এটি পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ। স্থানীয়দের মতে, এমন আয়োজন কেবল আর্থিক সামর্থ্যের বিষয় নয়, প্রয়োজন আন্তরিকতা, সদিচ্ছা ও মানবিক মানসিকতা।
জানা যায়, পূর্ববর্তী একজন মানবিক ওসি মোঃ সাজ্জাদ হোসেন এই প্রশংসনীয় ইফতার আয়োজন চালু করেন। ওসির বদলির পর থেমে যাওয়ার আশংকা ছিলো এই মহতী আয়োজনের। কিন্তু তা বন্ধ না করে বর্তমান ওসি নূরে আলম চলতি রমজানে নিয়মিতভাবে এমন ইফতার কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখেছেন।
ফলে এলাকার হত-দরিদ্র মানুষের মাঝে আগের মতই ইফতারে স্বস্তি ফিরেছে। তবে এখনো রয়ে গেছে বদলী হওয়া মানবিক ওসি সাজ্জাদ হোসেনের এক ধরনের শূন্যতা ও আক্ষেপ।
স্থানীয় চা বিক্রেতা খুরশেদ আলম বলেন, “এমন উদ্যোগ সহজে দেখা যায় না। ওসির তুলনা হয়না, তিনি একজন মানবিক মানুষ। তিনি দায়িত্বে থেকে আমাদের কথা ভেবেই এই আয়োজন করেছেন, সেটাই বড় বিষয়।”
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সুযোগ্যে ওসি নূরে আলমের দায়িত্ব পালনকালে থানা পুলিশের সহযোগিতায় তাঁর এই মানবিক কর্মকাণ্ডকে আজীবন মনে রাখবে আগত রোজাদারবৃন্দ। এলাকাবাসীর কাছে প্রশংসিত ও স্মরণীয় এই উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রতি রমজান মাসে পরবর্তী ওসিরা যেন এধরণের মানবিক উদ্যেগের ধারাবাহিকতা বজায় রাখে প্রত্যাশা থাকবে, সেই সাথে থানায় এধরণের ইফতারের কথা আবেগভরে স্মরণ করবে হত-দরিদ্র রোজাদারবৃন্দ ও সুধীমহল।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরে আলম বলেন, রমজান মাস জুড়ে এই উদ্যেগ আমার একার নয়, আমার থানার প্রতিটি অফিসার ও পুলিশ সদস্যর কৃতিত্ব। এলাকার ইফতার করতে আসা হত-দরিদ্র রোজাদার সহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন মানবিক ওসি।

Leave a Reply