চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও তিনটি আসন থেকে মোট ২১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৬ জন প্রার্থী। তারা সকলেই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-০২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৫ জন।
চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে সকলেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসন মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির অধ্যাপক শাহজাহান মিয়া, জামায়াতে ইসলামীর ড. কেরামত আলী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব শামসুল হোদা, জাতীয় পার্টির আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের মনিরুল ইসলাম ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম।
চাঁপাইনবাবগঞ্জ-০২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে মনোনয়ন জমা দিয়েছেন জামায়াতের ড. মিজানুর রহমান, জাতীয় পার্টির মুহা. খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম, বিএনপির আমিনুল ইসলাম ও ইসলামী আন্দোলনের ইব্রাহিম খলিল। এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দেননি বিএনপির ৪ মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও এনসিপি মনোনীত প্রার্থী।
চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, বিএনপির হারুনুর রশীদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেসএসডির ফজলুর রহমান খাঁন, গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের মনিরুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা শাহাদাত হোসেন মাসুদ জানান, নির্বাচনী কার্যক্রমের প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এরপর মনোনয়ন যাচাই-বাছাইসহ অন্যান্য কার্যক্রম হবে।
সুষ্ঠ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব হবে। তবে এতে ভোটার, প্রার্থীসহ অংশীজন সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply