চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের একটি বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাত মিলিয়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাত মিলিয়ে মোট ৩০০ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
ওসি নূরে আলম জানান, ঘটনার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ নিহত হন।
স্থানীয়দের অভিযোগ, চেকপোস্ট এড়িয়ে পালানোর সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে বিক্ষোভকারীরা ট্রফিক পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে রাতের দিকে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়ক থেকে বিক্ষোভকারীরা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে, পুলিশের সংকেত অমান্য করে ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহীর নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটনায় সার্জেন্ট দেলোয়ার হোসেন ও টিএসআই মতিউর রহমানকে দায়িত্ব থেকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

Leave a Reply