সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ ২১ হাজার ২৫০ টাকা মূল্যের পামওয়েল তেল আত্মসাতের অভিযোগ এনেছেন চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ী। এ ঘটনায় ভুক্তভোগী সিরাজগঞ্জ আদালতে মামলাও করেছেন।
তবে, তেল আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় ‘আদর্শ গ্রুপ অব কোম্পানি’র ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম।
তিনি জানান, ২১ নভেম্বর বিকালে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৫০ কেজি পামওয়েলবাহী একটি ট্রাক অজ্ঞাত কারণে রায়গঞ্জ থানা পুলিশ আটক করে। পরের দিন বিষয়টি জানতে পেরে তিনি রায়গঞ্জ থানায় গিয়ে তেলসহ ট্রাকটি সেখানে দেখতে পান।
সাদিকুল ইসলাম বলেন, ওই সময় থানার ওসি মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উপযুক্ত প্রমাণসাপেক্ষে তেলসহ ট্রাক ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেন। কিন্তু কয়েক দিন পর ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজের সঙ্গে আবার যোগাযোগ করলে তারা জানান- ট্রাক ও তেল আদালতের মাধ্যমে জিম্মায় নিতে হবে।
ঘটনা বর্ণনা করে ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ২৫ নভেম্বর সিরাজগঞ্জ আদালত প্রাঙ্গণে গিয়ে তিনি জানতে পারেন, শুধুমাত্র ট্রাকটি আদালতে জমা দেওয়া হয়েছে। কিন্তু ২৩ লাখ টাকা মূল্যের তেলের কোনো জব্দতালিকা বা হিসাব দেখানো হয়নি। এতে তার মনে সন্দেহ জাগে এবং তিনি বুঝতে পারেন- তেল আত্মসাৎ করা হয়েছে।
মামলা প্রসঙ্গে তিনি জানান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজের বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামলা করেছেন।
সংবাদ সম্মেলন থেকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে বিষয়টি তদন্ত করে তার তেল ফেরত দেওয়ার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলামসহ জেলার বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তেল আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।
তিনি বলেন, ট্রাকটি ছিনতাই হওয়ার পর আমরা তা উদ্ধার করি। উদ্ধারকালে ট্রাকে কোনো তেল ছিল না।

Leave a Reply