যশোরের কেশবপুরে চুকনগর,যশোর মহাসড়কের মধ্যকুল গুটলে তলার মোড়ে মুখোমুখি সংঘর্ষে কাফিউজ্জান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আলতাপোলের মিজানুর রহমান (৪২) নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাফিউজ্জান হেলমেট ছাড়া নিজের ব্যবহৃত হোন্ডা ট্রিগার মোটরসাইকেল (যশোর-ল ১৫-৮৫২০) চালিয়ে কেশবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
পথে ঘটনাস্থলে পৌঁছালে যশোরমুখী একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-১৮৫০) নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং কাফিউজ্জান গুরুতর আহত হন। সংঘর্ষের পর পিকআপচালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই একই স্থানে পৌঁছে মিজানুর রহমান (৪২) জনসমাগম ও দুর্ঘটনাস্থল দেখে তার মোটরসাইকেলের ব্রেক করতে গিয়ে স্লিপ করে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার অবস্থা শঙ্কাজনক বলে জানা গেছে।
কেশবপুর থানার ডিউটি অফিসার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপচালক ও হেলপারকে শনাক্ত ও আটক করতে কাজ করছে।
মৃত কাফিউজ্জান মধ্যকুল গ্রামের আমজেদ হোসেনের ছেলে।
আহত মিজানুর রহমান আলতাপোল গ্রামের খোকন মাতবরের ছেলে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ।

Leave a Reply