পর্তুগালের সেতুবাল জেলার কোস্টা দা কাপারিকায় প্রবাসী বাংলাদেশি শামীম হোসেন (৩৫) এক দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ২৮ অক্টোবর ২০২৫, বুধবার ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিন মাসের ব্যবধানে একই এলাকায় এটি দ্বিতীয় প্রবাসী হত্যাকাণ্ড, যা প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম হোসেন স্থানীয় একটি ফাস্টফুড দোকানে কাজ করতেন। তিনি প্রতিদিনের মতো নিজের সাইকেলে কর্মস্থলে যান এবং দোকানের সামনে তা পার্ক করে রাখেন। আজ একইভাবে সে সাইকেলে করে তার কর্মস্থলে আসেন ও তার নির্ধারিত জায়গাতে সাইকেলটি পার্ক করে রাখেন।
কিন্তু এক আফ্রিকান নাগরিক তার সাইকেলটি চুরি করার চেষ্টা করলে শামীম তা দেখে ফেলেন এবং সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে গিয়ে চোরকে ধরার চেষ্টা করেন। তখন ওই দুষ্কৃতকারী তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে শামীমের বুকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
নিহত শামীম হোসেনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার কোতোয়ালী থানায়। খবর পেয়ে গার্ডা ন্যাসিওনাল রিপাবলিকানা (জি.এন.আর) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, অভিযুক্ত আফ্রিকান নাগরিককে ধরতে অভিযান চলছে।
এদিকে এ হত্যাকাণ্ডে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত হত্যাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পর্তুগালে সম্প্রতি প্রবাসীদের ওপর হামলা, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রবাসী সমাজ দ্রুত এসব অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রতি।

Leave a Reply