পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে আজ (শনিবার) ২৫ অক্টোবর রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। অর্থাৎ স্থানীয় সময় রাত ২টায় ঘড়ি পিছিয়ে ১টা করা হবে।
এই পরিবর্তনের মাধ্যমে ইউরোপে শুরু হচ্ছে শীতকালীন সময় বা উইন্টার টাইম। প্রতি বছর অক্টোবরের শেষ সপ্তাহে ইউরোপের বেশিরভাগ দেশেই এ সময় পরিবর্তন কার্যকর করা হয়, যা আগামী বছরের মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত বহাল থাকে।
সময় পরিবর্তনের ফলে বাংলাদেশ ও ইউরোপের সময়ের ব্যবধান এক ঘণ্টা বেড়ে এখন থেকে ছয় ঘণ্টা হবে। আগে পর্তুগালের সময় বাংলাদেশ থেকে পাঁচ ঘণ্টা পিছিয়ে ছিল, কিন্তু আজ রাতের পরিবর্তনের পর সেই ব্যবধান হবে ছয় ঘণ্টা।
ইউরোপে সময় পরিবর্তনের এই প্রথা মূলত শক্তি সাশ্রয় ও দিনের আলো বেশি সময় ব্যবহার করার উদ্দেশ্যে চালু করা হয়।
গ্রীষ্মকালে (ডে-লাইট সেভিং টাইম) ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয়, যাতে সন্ধ্যায় বেশি সময় প্রাকৃতিক আলো পাওয়া যায়। আর শীতকালে দিন ছোট হওয়ায় সময় আবার এক ঘণ্টা পেছানো হয়।
সময় পরিবর্তনের কারণে ইউরোপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ইউরোপের সঙ্গে ব্যবসা, শিক্ষা, অনলাইন মিটিং, ফ্লাইট বা যোগাযোগ সংশ্লিষ্টদের সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় আনার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ইউরোপে ফ্লাইট ধরবেন বা অনলাইনে ক্লাস ও অফিস মিটিংয়ে অংশ নেন, তাদের ঘড়ির পরিবর্তিত সময় অনুযায়ী পরিকল্পনা সাজাতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, নরওয়ে ও সুইজারল্যান্ডেও এই সময় পরিবর্তন প্রথা অনুসরণ করা হয়।






Leave a Reply