ইউরোপের আরেকটি দেশ হিসেবে পর্তুগাল জনসমক্ষে নেকাব বা মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) পর্তুগিজ সংসদে পাস হওয়া নতুন আইনে বলা হয়েছে,
এমন কোনো পোশাক পরিধান করা যাবে না যা মুখমণ্ডল সম্পূর্ণ ঢেকে রাখে এবং ব্যক্তির পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে। আইনটি মূলত ডানপন্থী সরকারের উদ্যোগে গৃহীত হয়েছে। সরকার বলছে,
“জননিরাপত্তা জোরদার করা এবং নাগরিকদের পরিচয় শনাক্তকরণ সহজ করাই এই আইনের উদ্দেশ্য।” পর্তুগাল এর সংসদে পাস হওয়া এই নতুন আইন অনুযায়ী, উক্ত নিয়মটি লঙ্ঘন করলে ২০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হবে।
আইনটিতে ব্যতিক্রম হিসেবে যেমন ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রদর্শনী বা চিকিৎসাজনিত কারণে মুখ ঢাকার ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
তবে আইনটি পাস হওয়ার পর থেকেই দেশটিতে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের ওপর প্রভাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
বামপন্থী দলগুলো ও মানবাধিকার সংগঠনগুলো এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছে, “এই আইন ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী এবং ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ।” অপরদিকে সরকার বলছে, এটি সামাজিক সংহতি ও জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
সংসদে অনুমোদনের পর এখন আইনটি সংবিধান ও মানবাধিকার বিষয়ক সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে, যেখানে এর বৈধতা ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়াতে ইতোমধ্যেই নেকাব ও বোরকা নিষিদ্ধ।
এখন সেই তালিকায় যোগ হলো আটলান্টিক উপকূলবর্তী দেশ পর্তুগাল। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইউরোপে ধর্মীয় পোশাকবিরোধী আইন প্রয়োগে আরেকটি নতুন অধ্যায় সূচনা করল।
যা ধর্মীয় অনুশাসন মেনে চলা মুসলিম মহিলাদের জন্য বড় ধরনের আঘাত হিসেবে মনে করেন দেশটিতে বসবাস করা মুসলিমগণ।






Leave a Reply