গাজা উপত্যকা থেকে আরও চারজন ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে ফেরত দিয়েছে হামাস। বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি সেনাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে আন্তর্জাতিক রেডক্রসের তত্ত্বাবধানে কফিনে মোড়ানো মরদেহগুলো ইসরায়েলি সেনাদের হাতে তুলে দেওয়া হয়।
সম্প্রতি ইসরায়েল পক্ষ থেকে দাবি করা হয়, নিহত ২৮ জন জিম্মির দেহাবশেষ ফেরত না দিলে গাজায় ত্রাণ সরবরাহ সীমিত করা হবে। সেই সতর্কবার্তার কিছুক্ষণ পরই এই চার মরদেহ ফেরত দেয় হামাস।
এর আগের দিন, সোমবার, হামাস ২০ জন জীবিত জিম্মি এবং চারজন নিহত জিম্মির দেহ ফেরত দেয়।
অন্যদিকে রেডক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলও ৪৫ জন ফিলিস্তিনি নিহতের মরদেহ গাজায় হস্তান্তর করেছে। এই মরদেহগুলো আগে ইসরায়েলে সংরক্ষিত ছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, সোমবার দুপুরের মধ্যে ৪৮ জন জিম্মি ফেরত দেওয়ার কথা ছিল—যা ইসরায়েল ও হামাস উভয় পক্ষই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে।






Leave a Reply