বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রংপুর রিজিয়ন গত ৯ মাসে সীমান্ত থেকে ৬০ কোটি টাকার মাদকদ্রব্য উদ্বার করেছে। এসময়ের মধ্যে বিভিন্ন চোরাচালানে জড়িত ৫০১ জনকে আটক করেছে বিজিবি রংপুর রিজিয়নের ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটলিয়নের সদস্যরা। সোমবার (১৩ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন সদর দপ্তর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
রংপুর রিজিয়নের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক বলেন, চলতি বছরের গত ৯ মাসে ৭১ হাজার ৩৪০ বোতল ফেনসিডিল, ৯ কেজি ৭৭৩ গ্রাম হেরোইন, ২ কেজি ৬১ গ্রাম কোকেইন, ১২ হাজার ১২৭ বোতল মদ, ২ হাজার ৯১ কেজি গাঁজা, ২৪ হাজার ৪৭৮ পিস ইয়াবা, ৩ হাজার ৩৫৭ বোতল ইস্কাফ সিরাপ, ৪ লাখ ৩ হাজার ৯৭৫ পিস মেটাডক্সিন ট্যাবলেট, ৫ হাজার ৮৪০ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৫ হাজার ১৩১ পিস নেশা জাতীয় ইনজেকশন, ১২ লাখ ৯৮ হাজার ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান আরও জানান, গত ৯ মাসে ০৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, ৬টি এয়ারগান, ৩৩ হাজার ১০০ গুলি, ৭ কেজি গান পাউডার, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে রংপুর রিজিয়নের বিজিবি সদস্যরা। রিজিয়নের অধীনে থাকা ১৫টি ব্যাটলিয়নের সদস্যরা সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আসা ১ হাজার ৪৫৭টি গরু ও ৬৬৪টি মহিষ উদ্বার করা হয়েছে। এছাড়াও ৮২২ কেজির ১৪টি কষ্টিপাথর, ৬৮০ গ্রাম সোনা, ২ হাজার ৬০৩টি শাড়ী, ৯৭১টি শার্ট, ৪ হাজার ৭৬ পিস প্যান্ট, ১৩৮ পিস থান কাপড়, ১০০৭ কেজি চা, ২ হাজার ৮০৪ কেজি চিনি, চোরাচালানে ব্যবহার করা ১৮৫টি মোটরসাইকেল, ১ হাজার ২৪৫টি মোবাইল ও ৬৫২ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
১ হাজার ৬৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রক্ষায় রংপুর রিজিয়নের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ছয়টি বিওপি নির্মাণ করা হয়েছে বলে জানান ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক। তিনি আরও জানান, গত দূর্গাপুজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় মোট ৮০৭টি পূজামন্ডপে ১৩৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। যারা পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে পূজা উদ্যাপনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে নিরলসভাবে কাজ করেছে। এছাড়াও অবৈধ সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদকদ্রব্য চোরাচালান এবং নারী ও শিশু পাচার সম্পর্কে নিয়মিতভাবে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

Leave a Reply