যশোরের খাজুরায় কাভার্ডভ্যানের চাপায় নুর আলম (৫৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ড-বাজার রোডে এ ঘটনা ঘটেছে।
নিহত নুর আলম সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের তাহের মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানান, নুর আলম বাড়ি থেকে বাইসাইকেলে করে খাজুরা বাজারে যাচ্ছিলেন। শনিবার বেলা ১২টার দিকে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিছন থেকে আফজাল পার্সেল অ্যাণ্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এ সময় কাভার্ডভ্যানের চাকায় নুর আলমের মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তাপস আঢ্য। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে৷ প্রথমে নিহতের পরিচয় পাওয়া যাচ্ছিলো না। পরে খোঁজখবর নিয়ে পরিচয় শনাক্ত করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুপুর আড়াইটার দিকে তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যান এখনো আটক করা যায়নি৷ চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনার পরপরই কারা যেন কাভার্ডভ্যানটি নিয়ে গিয়ে পাশে কোথায় লুকিয়ে রেখেছেন। এ ব্যাপারে পুলিশ কাজ করছে বলে জানান এসআই তাপস আঢ্য।






Leave a Reply