২০১৭-২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের মাধ্যমে হওয়া অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (০৬ অক্টোবর) সকালে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিল করে পুনরায় মেধাভিত্তিক নিয়োগসহ ব্যাংক লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক এজেন্ট মালিকরা।
মানববন্ধনে বক্তরা বলেন, বিগত প্রায় ৭ বছরে হাজার হাজার অবৈধ ও নিয়ম বর্হিভূতভাবে অদক্ষ ব্যক্তিদের নিয়োগ পরীক্ষা ছাড়াই নিয়োগ দেয়া হয়েছিল ইসলামী ব্যাংকে। তারা পুরো ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়েছে।
এখনো তারা বহাল তবিয়তে রয়েছে এবং ব্যাংকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অবৈধ নিয়োগ বাতিলসহ অনিয়ম দূর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের সদস্যরা।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন, ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকে চাকুরি প্রত্যাশী ইকবাল হোসেন,
গ্রাহক মোজাম্মেল হক, সাবেক কাউন্সিলর ও গ্রাহক তহরুল ইসলাম সোহেল, এজেন্ট প্রোপাইটর কবির হোসেন, নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রাহক আকবর হোসেনসহ অন্যান্যরা।

Leave a Reply