চাঁপাইনবাবগঞ্জের বাহির মল্লিকপুর এলাকায় ট্রাক-ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষে আবুল কালাম আজাদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (২৮) গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের সাদেক আলীর ছেলে।
নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন নিহত মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ।
তিনি ঢাকা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও ভ্যানের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় আবুল কালাম আজাদ।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply