মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অন্যতম পর্যটনকেন্দ্র বুকিত বিনতাং – এ বৃহৎ আকারের বিশেষ অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ মোট ৭৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।
ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওথমান জানান, জনসাধারণের অভিযোগ ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন।
তল্লাশির সময় বিভিন্ন অবৈধ কার্যক্রমও ধরা পড়ে। সাত থেকে আটজন অভিবাসীকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় কেউ টেবিলের নিচে, কেউ আশপাশের দোকানে,
আবার কেউ পাশের ভবনের ছাদে উঠে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে। এমনকি অনেকে নিজেকে পর্যটক দাবি করে কর্মকর্তাদের বিভ্রান্ত করারও চেষ্টা করে।
মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি ও ৮৪৫ জন মালয়েশিয়ান নাগরিক ছিলেন। এর মধ্যে নথিপত্র যাচাই শেষে ৭৭০ জন বিদেশিকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন: ৩৭৭ জন বাংলাদেশি পুরুষ, ২৩৫ জন মিয়ানমার নাগরিক, ৫৮ জন ভারতীয়, ৭২ জন নেপালি, ১৭ জন ইন্দোনেশীয়ান পুরুষ ও ২ জন নারী এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক।
তাদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। অভিযোগ রয়েছেঃ ভিসার মেয়াদোত্তীর্ণ, বৈধ কাগজপত্র না থাকা, নকল পরিচয়পত্র ব্যবহারসহ একাধিক ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতদের বেশিরভাগই বিভিন্ন নির্মাণ প্রকল্পে কর্মরত শ্রমিক, যাদের জন্য নিয়োগকর্তারা ভাড়া বাসার ব্যবস্থা করেছিলেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।






Leave a Reply