চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছেঁড়া নোট নিয়ে বাগবিতণ্ডার জেরে হামলার ঘটনায় আহত বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত বাবুল হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৩নং ওর্য়াডের জালমাছমারি এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাবুল হোসেনের শিবগঞ্জের ইসরায়েল মোড় এলাকায় মুদিখানার দোকান আছে। তার আপন দুই ভাইয়েরও ফামের্সি এবং বিকাশ এজেন্টের দোকান রয়েছে।
গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে বাবুল হোসেনের ভাই মোয়াজ্জেম হোসেনের দোকানে দুই হাজার টাকা ক্যাশ আউট করে একই এলাকার গুমানের ছেলে আসাদুল।
পরে একই দিনে বেলা ১১টার দিকে আসাদুল এসে মোয়াজ্জেমকে জানায় তিনি ১০০ টাকার একটি নোট ছেঁড়া দিয়েছেন। এই নিয়ে মোয়াজ্জেম ও আসাদুলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
এরপরে বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩নং ওর্য়াডের বিএনপির সভাপতি শাহীন আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ফেরাউন, কালু,
বিশাল, রহমত, হামিম, আসাদুল ও গুমানসহ ১৫ থেকে ২০ জন মিলে তিন ভাইয়ের ওপর চড়াও হয়। এই সময় বাবুল হোসেন গুরুতর আহত হয়।
পরে বাবুল হোসেনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে ও বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
এর পাঁচ দিন পরে মঙ্গলবার বিকেলে আবারও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






Leave a Reply