ইসরায়েল ও তাদের পরাক্রমশালী মিত্রদের চোখে চোখ রেখে চারদিন ধরে যেভাবে লড়াই করে যাচ্ছে ইরান, তা সত্যিই হতবাক করেছে পুরো বিশ্বকে। ইরানের ক্ষেপণাস্ত্র বহরের সামনে নজিরবিহীনভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে আয়রন ডোম। সর্বাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙেচুড়ে ইতোমধ্যে ইসরায়েলের একের পর এক শহরে আঘাত হানতে সক্ষম হয়েছে ডজন ডজন মিসাইল।
পৃথিবীর যেকোনো বড় হামলার সামনে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন যেভাবে ‘দুর্ভেদ্য’ মনে করা হতো, সে ভরসার জায়গা অনেকটাই নড়ে গেছে এখন।
ইরানের গত তিন দিনের হামলার পর অনেক ইসরায়েলি নাগরিকই বলতে শুরু করেছেন, আয়রন ডোমে আগের মতো আর আস্থা রাখতে পারছেন না তারা। বিশেষ করে, হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের অনুভূতিতে উল্লেখযোগ্য অবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে গর্বের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে।
ইসরাইলি সংবাদমাধ্যম দ্য লোকাল কলের সম্পাদক মেরন র্যাপোপোর্ট আল জাজিরাকে বলেছেন, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এটি (ইরানের হামলা) প্রত্যাশিত ছিল বলে চিত্রিত করার চেষ্টা করছে, কিন্তু ইসরায়েলিরা বেশ অবাক যে এত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করতে সক্ষম হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো কিছু কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করতেও সফল হয়েছে এবং কিছু ঘটনা সম্ভবত জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের সাংবাদিক গিদেওন লেভি আল-জাজিরাকে বলেছেন, এমন হামলা চলতে থাকলে ইসরায়েলিরা একসময় শুধু ক্লান্ত আর ভীতই হবে না, একসময় যুদ্ধের পর তারা প্রশ্ন তুলবে। এভাবে তারা কোথায় যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলবে।
লেভি বলেন, একসময় আমরা শেষমেশ নিজেরাই প্রশ্ন করতে শুরু করব—এর কি কোনো মূল্য আছে? আমরা কোথায় যাচ্ছি? এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে? এক গোলাবর্ষণ থেকে আরেক গোলাবর্ষণে? কারণ, এবারের পরিস্থিতি গাজা বা লেবাননের মতো নয়। এবার বেসামরিক জনগণের খেসারত হতে পারে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। তাই ইসরায়েল কয়েক দিন এটা সহ্য করতে পারবে, কিন্তু দীর্ঘ মেয়াদে নয়।
ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য বলছে, তাদের বহুস্তরযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও যথেষ্ট শক্তিশালী।
এদিকে সোমবার (১৬ জুন) নিজ দপ্তর থেকে প্রকাশ করা এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন, ইসরায়েলকে লক্ষ্য করে গত চার দিনে অন্তত ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের অন্তত ৩০টি সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এতে।
এছাড়া ইরানের শক্তিশালী হাইব্রিড হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন এখন পর্যন্ত; সেইসঙ্গে আহত হয়েছেন আরও ৫৯২ জন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply