বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকত বলেছেন, দুই হাজার শিশু কিশোর সন্তানের লাশের সাথে এনসিপি বেইমানী করছে। হোটেলে বসে বসে ষড়যন্ত্র করছে। তাদের পিয়ন দারোয়ানরা শত শত কোটি টাকার মালিক হয়েছে। ছাত্র হিসেবে তোমাদের কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক। আমিও চেয়েছিলাম, বাংলাদেশের ভবিষ্যৎ সুদৃঢ় করুক, লাল সবুজের বাংলাদেশ তৈরি করুক, আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ তৈরি করুক। সে প্রত্যাশাকে তারা দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে তারা।
সোমবার (০২ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উদ্দেশ্য এসময় তিনি আরও বলেন, এনসিপি নামের একটি দল হয়েছে, এটি ছাত্রদের দল, আমাদের সন্তানদের দল। আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে আদর করতে চাই। আমার মেয়েও এই আন্দোলনে ছিল সেও এ প্রজন্মের নেতা। জুলাই-আগস্টে আমাদের ২ হাজার সন্তানকে হত্যা করা হয়েছে। আবু সাইদ বুক পেতে গুলি খেলো, মুগ্ধ পানি দিতে গিয়ে গুলির আঘাতে প্রাণ দিল, ছাত্রদল নেতা ওয়াসিম, শিশু রিয়া বাবার সাথে ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল।
তোমাদের নিজের যে প্রতিজ্ঞা ছিল, এখনো ৬০০ মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, জীবনে দুনিয়ার আলো দেখতে পাবে না, চোখের চিকিৎসা করার টাকা নাই, তাদের টাকাও তোমরা মেরে দাও। অথচ তোমাদের পিয়ন দারোয়ানরা শত কোটি টাকার মালিক হয়ে গেছে। ধিক্কার জানাই ঘৃণা জানাই, তারপরেও তোমাদেরকে ক্ষমা করব, তোমরা ফিরে আসো।

বিএনপি নেতা শাহিন শওকত বলেন, এই সবুজ বাংলাদেশের জন্য গত ১৭ বছরে বাংলাদেশের ৬০ লক্ষ বিএনপির নেতাকর্মী মামলার আসামী হয়ে বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছে। ২ হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছে। ২০ হাজার মানুষ নেতাকর্মী গুম হয়েছে। ছয় লাখ মামলা হয়েছে। অনেক মা তার সন্তান হারিয়েছে, বোন তার স্বামী হারিয়েছে, অনেক বাবা তার ছেলে হারিয়েছে। সেই বাংলাদেশ আজ মুক্ত স্বাধীনভাবে পেয়েছি আমরা৷ সেখানে তোমরাও (এনসিপি) থাকো আমাদের সাথে। পার্লামেন্টে যেতে চাও,কোন সমস্যা নাই। বিএনপির মত একটি বড় দলের থেকে শিখে তাদের সাথে একসাথে যাও।
জামায়াতের সমালোচনা করে এনসিপিকে তিনি আরও বলেন, জামায়াতকে নিয়ে লটর পটর করো না। জামায়াত নিজেই লটর পটর একটি দল। একবার এদিক যায়, আরেকবার ওদিক যাই। দাঁড়িপাল্লার ফের একদিকে যখন ঝুলে পড়ে তখন অন্যদিকে যায়, আবার অন্যদিকে ঝুলে পড়লে আরেক দিকে যায়৷ তারা আওয়ামী লীগের সাথে ১৯৮৬ সালের নির্বাচনে জোট করেছিল৷ পরবর্তীতে বিএনপির সাথে আবার ক্ষমতায় থাকলো৷ বিএনপির সাথে ক্ষমতায় থেকে তাও ১৮টি আসন পেয়েছিল৷ আর একা একা ইলেকশন করে তিনটি আসন পেয়েছিল। খুব লাফাচ্ছ কাতারের দোহায় বসে ষড়যন্ত্র করছ, মার্কিন স্ট্রিট ডিপার্টমেন্টের সাথে, তারা তোমাদেরকে ক্ষমতায় বসাতে পারবে না৷ বাংলাদেশের মানুষ আগামী ৫০ বছরেও জামায়াতকে ক্ষমতায় বসাবে না৷
বিএনপি নেতা শাহিন শওকত বলেন, ইউনুস সাহেব জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় বসেছেন। বেশি কথা বলবেন না, ক্ষমতার লোভ কিন্তু খুবই খারাপ। ক্ষমতার লোভ পেয়ে বসেছে আপনাকে। সেখান থেকে বেরিয়ে এসে আপনি আপনার সম্মান রক্ষা করুন৷ বাংলাদেশকে তার গণতন্ত্র ফিরিয়ে দিন। ভোটাধিকার ফিরিয়ে দেন, উৎসবমুখর পরিবেশে সবাই আমরা ভোট দিতে চাই।

Leave a Reply