যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা প্রচেষ্টা মামলায় এসআই সোবহান মোলার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস সালাম খান এই নির্দেশ দেন।
এর আগে এসআই সোবহানের দ্বিতীয় স্ত্রী ফারজানা ২০২১ সালে ১৫ ডিসেম্বর আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নগরীর সোনাডাঙ্গা থানার সাবেক এই এসআই এখন কক্সবাজার টুরিস্ট পুলিশে কর্মরত। তিনি মাগুরা জেলা সদরের চন্দনপ্রতাপ গ্রামের আব্দুস সবুর মোলার ছেলে।
বাদীপক্ষের আইনজীবী এড. মোঃ মোমিনুল ইসলাম জানান, প্রথম স্ত্রীর তথ্য গোপন করে ২০২০ সালের ১২ মে ফারজানা নামের এক তরুণীকে বিয়ে করেন এসআই সোবহান। তিনি তখন নগরীর সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বিয়ের পর থেকে দ্বিতীয় স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকেন তিনি। একাধিকবার স্ত্রীকে মারপিট করে হাসপাতালে ভর্তি করেন। উপায় না পেয়ে ২০২১ সালের ১৫ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ফারজানা। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। গত ৬ আগস্ট পিবিআইর পুলিশ পরিদর্শক লুৎফর রহমান সোবহানের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। সোবহান হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। গত ১৬ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার ধার্য দিনে সোবহান মোলা আদালতে হাজির হননি। ওই দিন আদালত সোবহান মোলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর সোবহানকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তখন তার স্ত্রী ফারজানাকে আদালতের বারান্দায় দাঁড়িয়ে চোখ মুছতে দেখা যায়।
সুত্র সময়ের খবর
Leave a Reply